স্পোর্টস ডেস্ক :
মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। লিগের প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়ের কৃতিত্ব অর্জন করেছেন ইন্টার মায়ামির এই অধিনায়ক।
২০২৬ সালের নিয়মিত মৌসুমে ২৬ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। গোলসংখ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। আর ন্যাশভিলের স্যাম সারিজের গোলসংখ্যা ২১।
এর আগে ২০২৫ মৌসুমেও ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। এবারও সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পাওয়ায় টানা দ্বিতীয়বারের মতো পুরস্কারটি উঠল তাঁর হাতে।
এমএলএসে এর আগে পাঁচজন খেলোয়াড় একাধিকবার গোল্ডেন বুট জিতলেও পরপর দুই মৌসুমে এই পুরস্কার জয়ের নজির ছিল না। মেসির আগে একাধিকবার এই সম্মান পেয়েছেন প্রেকি, টেলর টোয়েলম্যান, জেফ কানিংহাম, ক্রিস ওয়ানডোলস্কি ও ব্র্যাডলি রাইট-ফিলিপস।
ব্যক্তিগত গোলের পাশাপাশি সতীর্থদের গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেসি। ২০২৬ মৌসুমে ২৬ গোলের সঙ্গে তাঁর অ্যাসিস্ট ১৭টি। অর্থাৎ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সরাসরি ৪৩ গোলে অবদান রয়েছে তাঁর।
৩৯ বছর বয়সেও এমন ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।