নিউজ প্রবাসী ডেক্স :
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট উঠেছে ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির মাথায়। শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।
বিজয়ীর নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। এ সময় গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুই বিজয়ীকে একসঙ্গে মঞ্চে দেখা যায়। তাদের উপস্থিতিতে দর্শক ও অতিথিরা করতালির মাধ্যমে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের পাথরখচিত মারমেইড গাউন। বিদায়ী বিজয়ী মিথিলার পোশাক ছিল হালকা নীল ও রুপালি রঙের। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জা। অনুষ্ঠানে আরও অংশ নেন চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ বিনোদন অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর পুয়ের্তো রিকোতে শুরু হতে যাচ্ছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সামিরা খান মাহি।
বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, তার বাবা-মা তাকে বিশ্বজয়ের জন্য উৎসাহ দিয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে দেশের সুনাম অর্জনের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তার ভাষ্য, তিনি জয়ী হলে সেই জয় হবে বাংলাদেশের।
উল্লেখ্য, ২০২৫ সালে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি ছিলেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিয়ে তিনি সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের ইতিহাসে সেটিই ছিল বাংলাদেশের প্রথমবারের মতো সেরা ৩০-এ স্থান পাওয়া। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন মিথিলা। এবার তার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছেন সামিরা খান মাহি।