নিজস্ব প্রতিবেদক, যশোর:
পরিবেশ সংরক্ষণ ও ভেষজ উদ্ভিদের বিস্তার ঘটাতে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শ্যামনগর এলাকায় ঔষধি গাছের চারা বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তোহা ফাউন্ডেশন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে আমলকি, হরিতকি, বহেরা, অশ্বগন্ধা, অশোক, অর্জুনসহ বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব হোসেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
তোহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. আবু তোহা বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে তোহা ফাউন্ডেশন। তিনি এ কর্মসূচি বাস্তবায়নে বিএডিসির হর্টিকালচার বিভাগ এবং যশোর সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম, উপদেষ্টা হাফেজ আবু সালেহ, ডা. আবু জাফর, মাহমুদুল হাসান, জুয়েল হোসেন, জেলকত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।