
নিউজ প্রবাসী ডেক্স :
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে সর্বাধিক আসন পেলেও এখনো সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেট্টি কাজগম (টিভিকে) এককভাবে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছালেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেনি।
২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। নির্বাচনে টিভিকে পেয়েছে ১০৮টি আসন। ফলে সরকার গঠনে কংগ্রেসসহ ছোট দলগুলোর সমর্থন নেওয়ার চেষ্টা করছেন বিজয়। কংগ্রেসের পাঁচটি আসন যোগ হলেও এখনো ‘ম্যাজিক ফিগার’ পূরণে আরও সমর্থন প্রয়োজন।
এ পরিস্থিতিতে তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিজয়কে শপথ নেওয়ার আগে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলেছেন। রাজ্যপালের দাবি, অন্তত ১১৮ জন বিধায়কের সমর্থনের চিঠি দেখাতে না পারলে সরকার গঠনের আমন্ত্রণ দেওয়া হবে না।
রাজ্যপালের এমন অবস্থানের কারণে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। বিজয়ের দল টিভিকে ইঙ্গিত দিয়েছে, প্রয়োজন হলে তারা আদালতের দ্বারস্থ হতে পারে। বামপন্থি দল ও ভিসিকে এ বিষয়ে বিজয়ের প্রতি সমর্থন জানিয়েছে।
অন্যদিকে ডিএমকে ও অভিনেতা-রাজনীতিক কমল হাসানও বিজয়ের পক্ষে অবস্থান নিয়েছেন। তারা বলছেন, সর্বাধিক আসন পাওয়া দল হিসেবে বিজয়কে সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত।
এদিকে নতুন করে বিপাকে ফেলেছে ২০১৫ সালের ‘পুলি’ সিনেমা ঘিরে আয়কর অনিয়মের অভিযোগ। এ বিষয়ে মাদ্রাজ হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মামলা মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণে নতুন জটিলতা তৈরি করতে পারে।
বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে ১০ মে। এর আগেই প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে রাজ্যপালকে সন্তুষ্ট করতে পারলে তবেই সরকার গঠনের পথ খুলবে বিজয়ের জন্য।