
নিউজ প্রবাসী ডেক্স :
ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য প্রতারণার মাধ্যমে লোক পাঠানোর অভিযোগে একটি বাংলাদেশি ট্রাভেল এজেন্সির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানটির নাম ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড টুরস লিমিটেড’।
ব্রিটিশ সরকার জানিয়েছে, উন্নত জীবনের আশায় বিদেশে যেতে আগ্রহীদের টার্গেট করে এই চক্র প্রতারণার মাধ্যমে লোক নিয়োগ করত। পরে তাদের যুদ্ধক্ষেত্রে বা অস্ত্র কারখানায় কাজে পাঠানো হতো।
মানবপাচার ও অনিয়মিত অভিবাসন সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নতুন করে মোট ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশি এই ট্রাভেল এজেন্সিসহ আরও ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে।
ঢাকায় ব্রিটিশ হাই কমিশন বলেছে, ইউক্রেইন যুদ্ধে অংশ নেওয়ার জন্য বাংলাদেশিদের প্রতারণা ও শোষণের সঙ্গে ড্রিম হোম ট্রাভেলস জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ, ব্রিটেনে ভ্রমণ নিষিদ্ধ এবং ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আর্থিক লেনদেন বন্ধের মতো পদক্ষেপ নেওয়া হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই চক্র মধ্যপ্রাচ্য ও বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে লোক সংগ্রহ করে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে পাঠাত। এ কাজে আন্তর্জাতিক জুয়া ও মানবপাচার নেটওয়ার্কের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের পর থেকে অন্তত ২৭ হাজার বিদেশিকে এভাবে রাশিয়ার যুদ্ধে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, অনেককে ইউরোপে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হলেও পরে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।