নিউজ প্রবাসী ডেক্স :
ভারতে রেলপথে জট ও কয়লা পরিবহনে নানা বিধিনিষেধের কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমে গেছে বলে জানিয়েছে আদানি পাওয়ার। গড্ডা বিদ্যুৎকেন্দ্রে পর্যাপ্ত কয়লা পৌঁছাতে না পারায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে কোম্পানিটির দাবি।
বুধবার এক বিবৃতিতে আদানি পাওয়ার জানায়, দিনের কম চাহিদার সময়ে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে তুলনামূলক বেশি বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।
এদিকে জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, গড্ডা কেন্দ্র থেকে বর্তমানে দিনে প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যায় প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তবে চুক্তি অনুযায়ী পুরো সক্ষমতার বিদ্যুৎ মিলছে না।
আদানি পাওয়ারের ভাষ্য, রেলপথে তীব্র জট এবং পরিবহন ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতায় কয়লাবাহী ওয়াগনের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতের রেল কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে এবং দ্রুত সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে কোম্পানিটি।
বর্তমানে দেশের বিদ্যুৎ পরিস্থিতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট কারিগরি ত্রুটিতে বন্ধ রয়েছে। পাশাপাশি মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ৬০০ মেগাওয়াটের একটি ইউনিট রয়েছে রক্ষণাবেক্ষণে।
১৬০০ মেগাওয়াট সক্ষমতার গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য ২০১৭ সালে চুক্তি করে আদানি পাওয়ার। বর্তমানে কয়লা সরবরাহের সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts