নিউজ প্রবাসী ডেক্স :
সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্বে স্থানীয় সংসদ সদস্যের স্ত্রী সাবিনা সিদ্দিকাকে নিয়োগের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ নিয়োগসংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট সংবিধির একটি ধারার বৈধতা নিয়ে রুল জারি করেছেন আদালত।
সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ এপ্রিল ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতি করা হয়। তার মেয়াদ ২০২৭ সালের ২৪ এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের এক আদেশে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও কলেজ পরিদর্শককে আইনি নোটিশ পাঠিয়ে আদেশ প্রত্যাহারের দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিকার না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
রিটে শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজ পরিদর্শক এবং কলেজের অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ৭ ধারাকে চ্যালেঞ্জ করা হয়েছে, যেখানে সভাপতি পরিবর্তনের বিষয়ে উপাচার্যকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।
রিটকারী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, কোনো কারণ দর্শানো বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে, যা আইন ও ন্যায়বিচারের পরিপন্থী এবং বৈষম্যমূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts