নিউজ প্রবাসী ডেক্স:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অটোরিকশা ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের সদস্যসহ আরও চারজন।
রোববার বিকাল ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামের তেভাগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মিলন মিয়া (৪০), হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলচেও এলাকার বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫) এবং তার নাতনি জারা মনি (৮)।
আহতদের মধ্যে রয়েছেন বদিউল আলম, তার নাতি আতিকুল ইসলাম, নাতনি প্রিয়া আক্তার এবং মেয়ে বর্ণা বেগম।
পুলিশ জানায়, অটোরিকশাটি তেভাগা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মিলন মিয়ার মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts