নিউজ প্রবাসী ডেক্স :
ছয় মাসে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি বড় অপতথ্য ছড়ানোর দাবি
মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সরকার উদার নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক সরকারের জন্য মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। সংবাদমাধ্যমের সঙ্গে সংঘাতে গিয়ে সরকারের কোনো লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি।
রোববার সন্ধ্যায় ঢাকার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
জাহেদ উর রহমান জানান, সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী এ সময়ে সরকারের বিরুদ্ধে বড় ধরনের ৪৬৪টি অপতথ্য প্রচার করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীকে ঘিরেই ছিল ১৫৭টি অপতথ্য।
তিনি বলেন, সরকারকে নিয়ে সমালোচনা বা বিভিন্ন ধরনের কথা বলা হলেও তাতে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। বরং সরকারের উচিত মতপ্রকাশের ক্ষেত্রে উদার থাকা।
তথ্য উপদেষ্টার ভাষ্য, মতপ্রকাশের সুযোগ সংকুচিত করে কোনো গণতান্ত্রিক সরকার দীর্ঘমেয়াদে লাভবান হতে পারে না। যারা ভবিষ্যতে জনগণের ভোটে আবার নির্বাচিত হতে চায়, তাদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা আরও গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীও সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে সংবাদপত্র ও গণমাধ্যমের সঙ্গে অযথা সংঘাতে না যাওয়ার বিষয়ে মত দিয়েছেন। কারণ মিডিয়ার সঙ্গে বিরোধে জড়িয়ে সরকারের কোনো সুফল পাওয়ার সুযোগ নেই।
সাংবাদিকতা বিষয়ে গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণের জাতীয় প্রতিষ্ঠান পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts