নিউজ প্রবাসী ডেক্স :
কুমিল্লায় ‘কিশোর গ্যাং’ ও উঠতি বয়সী অপরাধীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে আরও ২৫৪ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে দুই দফার অভিযানে জেলায় মোট ৮৭৮ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার দুপুরে তিনি জানান, আটক ব্যক্তিদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে কে কোন ধরনের অপরাধে জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নিহত হওয়ার পর জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ।
এর আগে বুধবার রাতে প্রথম দফার অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়। পরদিন দিনভর যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে মাদক, ছিনতাই, গ্যাংলিডিং এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১৭৩ জনকে আদালতে পাঠানো হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, কুমিল্লা জেলা পুলিশের সব ইউনিট একযোগে অভিযান পরিচালনা করছে। নগরীর বিভিন্ন স্থানসহ জেলার প্রতিটি থানার আওতাধীন কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান চালানো হচ্ছে।
কিশোর গ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts