নিউজ প্রবাসী ডেক্স :
কুমিল্লা জেলায় জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা অত্যন্ত কম। জেলা পুলিশ জানিয়েছে, বর্তমানে গড়ে ২ হাজার ৯৫৬ জন মানুষের জন্য দায়িত্ব পালন করছেন একজন পুলিশ সদস্য। অথচ দেশের অন্যান্য জেলায় গড়ে ১ হাজার ৪ জন নাগরিকের বিপরীতে একজন পুলিশ সদস্য কাজ করেন।
সোমবার জেলা আইনশৃঙ্খলা ও সার্বিক সরকারি কার্যাবলীর সমন্বয় সভায় এ তথ্য তুলে ধরেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুর রহমান।
পুলিশ সুপার বলেন, জনবল সংকটের পাশাপাশি যানবাহনের ঘাটতিও রয়েছে। ফলে জেলার ১৮টি উপজেলায় অপরাধ দমন, মামলা তদন্ত, সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং ভিআইপি নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
তিনি বলেন, আসামি আটক বা গ্রেপ্তারের জন্য অনেক সময় পুলিশ সদস্যদের অটোরিকশা ভাড়া করতে হয় কিংবা নিজেদের খরচে জ্বালানি কিনতে হয়। পর্যাপ্ত সরকারি যানবাহন না থাকায় ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের।
পুলিশ সুপার আরও বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অবকাঠামোগত সমস্যাগুলোর দ্রুত সমাধান প্রয়োজন।
সভা শেষে গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, কুমিল্লা সিটি করপোরেশন গঠনের ১৫ বছর পার হলেও এখনো মেট্রোপলিটন পুলিশ গঠন হয়নি। বর্তমান সরকার দ্রুত কুমিল্লা মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গঠনের উদ্যোগ নিয়েছে। সিএমপি গঠিত হলে পুলিশ সংকট অনেকটাই কমবে।
সভায় বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের কুমিল্লা বিভাগ বাস্তবায়নে সব সংসদ সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বিভাগ বাস্তবায়নের বিষয়ে সবাই একমত। তবে এ নিয়ে কোনো ধরনের আঞ্চলিক বিদ্বেষ ছড়ানো যাবে না।
জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, জাতীয় রাজনীতিতে দলগত মতভেদ থাকলেও রাষ্ট্রের নিরাপত্তা ও কুমিল্লার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা প্রশাসক রোজি আক্তারের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য, সিটি করপোরেশন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts