নিউজ প্রবাসী ডেক্স :

কৃষি খাতে ঋণপ্রাপ্তির সুযোগ বাড়াতে নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কৃষিকাজের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের পাশাপাশি পরোক্ষভাবে সংশ্লিষ্ট ব্যক্তি, দল, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানও কৃষিঋণ পাওয়ার যোগ্য হবেন। একই সঙ্গে ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন ও বর্গাচাষিদের কাছে স্বচ্ছতার সঙ্গে ঋণ পৌঁছে দিতে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক সার্কুলারে এসব নির্দেশনা দেওয়া হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলোকে জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করতে হবে। ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতেও আয়োজন করতে হবে বিভিন্ন অনুষ্ঠান।

এ ছাড়া স্থানীয় হাটের দিনে ব্যাংকের কর্মকর্তারা বিশেষ ক্যাম্প পরিচালনা করতে পারবেন। এসব ক্যাম্পের মাধ্যমে কৃষিঋণ সম্পর্কে তথ্য প্রচারের পাশাপাশি সরাসরি ঋণ বিতরণের সুযোগ রাখা হয়েছে।

কৃষিঋণ পাওয়ার যোগ্যতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগের নীতিমালায় শুধু কৃষিকাজে নিয়োজিত প্রকৃত কৃষকদের ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করা হতো। সংশোধিত নীতিমালায় কৃষির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি, দল, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে ঋণের আওতায় আনা হয়েছে।

নতুন নীতিমালায় কৃষিপ্রযুক্তি খাতকেও কৃষি ও পল্লী ঋণের আওতাভুক্ত করা হয়েছে। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় সৌরশক্তি ও বায়োগ্যাস ব্যবহারে অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।

বিশেষ করে বিদ্যুৎবিহীন এলাকায় পারিবারিক পর্যায়ে সৌর প্যানেল স্থাপনের জন্যও কৃষিঋণ নেওয়া যাবে। এর ফলে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগে অর্থায়নের সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন এ উদ্যোগের মাধ্যমে কৃষিঋণ বিতরণে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি প্রান্তিক কৃষক ও কৃষিসংশ্লিষ্ট উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts