নিউজ প্রবাসী ডেক্স :

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাসবিরোধী শোভাযাত্রায় হামলায় নিহত দুই বিএনপি নেতার পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনেরা দিশেহারা হয়ে পড়েছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিহতদের বাড়ির পরিবেশ। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

নিহতরা হলেন কালিয়া পৌর কৃষক দলের সদস্যসচিব শাহীনুর মোল্যা (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা। বুধবার সন্ধ্যায় কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় শোভাযাত্রায় হামলার ঘটনায় তাঁরা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাদ মাগরিব কালিয়া মডেল মসজিদ প্রাঙ্গণে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সোহেল মোল্যাকে তাঁর গ্রামের বাড়ি বাহিরডাঙ্গায় এবং শাহীনুর মোল্যাকে চাঁদপুর কবরস্থানে দাফন করা হয়।

শাহীনুর মোল্যার বাবা নিছার উদ্দিন মোল্যা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা গরিব মানুষ। আমার ছেলে তো কোনো দোষ করেনি, তাহলে কেন তাকে হত্যা করা হলো? আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।’

তিনি সরকারের কাছে নিহতের স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেওয়ার বিষয়েও দাবি জানান।

শাহীনুরের স্ত্রী রহিমা বেগম বলেন, তাঁর স্বামীই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একটি শোরুমে চাকরি করে মাসে সাত থেকে আট হাজার টাকা আয় করতেন। সেই সামান্য আয় দিয়েই সংসার চলত। স্বামীকে হারিয়ে এখন সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তিনি। হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন রহিমা।

অন্যদিকে সোহেল মোল্যার বাড়িতেও স্বজনদের আহাজারি থামছে না। তাঁর বোন জ্যোতি খানমের অভিযোগ, হামলাকারীরা তাঁর ভাইয়ের হাত-পায়ের রগ কেটে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তিনিও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সোহেলের বড় ভাই জুয়েল রানা বলেন, বিএনপির রাজনীতি করাই কি তাঁদের অপরাধ? অতীতেও তাঁদের পরিবার নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমান সময়ে তাঁর ভাই হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

বিএনপি নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাসবিরোধী প্রতিবাদী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বটগাছ এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়।

এতে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, শাহীনুর মোল্যা ও সোহেল মোল্যা আহত হন। তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শাহীনুর ও সোহেলের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে হামলা চালিয়ে দুই নেতাকে হত্যা করা হয়েছে। তিনি দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts