নিউজ প্রবাসী ডেক্স:
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়কে নেমেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকাল থেকেই মিরপুরের বিভিন্ন স্থানে শ্রমিকেরা অবস্থান নিয়ে তাঁদের দাবি জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ নম্বর এবং প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। ফলে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মজীবী মানুষ ও বিভিন্ন গন্তব্যের যাত্রীরা এতে দুর্ভোগে পড়েন।
এর আগের দিন শনিবারও শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। দুপুরের দিকে তাঁরা মিরপুর-১০ এলাকা ছেড়ে শাহ আলী এলাকায় জড়ো হন। বেলা ২টার পর শাহ আলী থানাধীন একটি এলাকায় পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। একপর্যায়ে কারখানাটিতে ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ছাড়া একটি বিপণিবিতানেও ভাঙচুর চালানো হয়। বিকেল ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার কালশীর আদর্শনগর এলাকায় ২২ তলা একটি পোশাক কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে টানা বিক্ষোভের কারণে মিরপুরের বিভিন্ন এলাকায় জনজীবন ও যান চলাচলে বিঘ্ন ঘটছে।