নিউজ প্রবাসী ডেক্স:
দেশের মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনা জগতের পরিচিত মুখ তুলনা আল হারুন আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তাঁর মৃত্যুতে দেশের বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে তুলনা শেষনিশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর ছোট ভাই আয়াজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, প্রথমে তাঁর ব্রেন টিউমার শনাক্ত হয়। পরে তা ক্যানসারে রূপ নেয়। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হলে চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আর সুস্থ করে তোলা সম্ভব হয়নি।
মডেলিং ও অভিনয়ে ছিল স্বতন্ত্র পরিচিতি
দীর্ঘ কর্মজীবনে মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনায় নিজের অবস্থান তৈরি করেছিলেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফি ও স্টাইলিংয়েও তাঁর কাজের পরিচিতি ছিল। পেশাগত ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি ও ইতিবাচক মনোভাবের জন্যও পরিচিত ছিলেন তিনি।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। অনেকেই তাঁর প্রয়াণকে দেশের মডেলিং ও বিনোদন জগতের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।
রায়েরবাজারে দাফন
পারিবারিক সূত্র জানায়, শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর সড়কে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।