নিউজ প্রবাসী ডেক্স:
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে দেশের পুঁজিবাজারে আবারও লেনদেন শুরু হচ্ছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী লেনদেন চলবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। এর সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন বন্ধ থাকে দুই স্টক এক্সচেঞ্জের কার্যক্রম।
এর আগে গত সপ্তাহে সাপ্তাহিক ছুটির দিন শনিবার, ১৭ অক্টোবর পুঁজিবাজারে লেনদেন হয়েছিল। দুর্গাপূজার ছুটির সঙ্গে সমন্বয় করতেই ওই দিন লেনদেন চালু রাখা হয়।
ছুটি শেষে রোববার থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে দেশের দুই পুঁজিবাজার। ফলে বিনিয়োগকারীরা আবারও নির্ধারিত সময়ে শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন।