নিউজ প্রবাসী ডেক্স :
দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য আন্তর্জাতিক পরিস্থিতি, এলএনজি আমদানিতে বাধা এবং মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটিকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে সংকট নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ‘সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট—সরকার ও জনগণের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর ঘিরে সংঘাত এবং এলএনজি আমদানিতে প্রতিবন্ধকতা যুক্ত হয়েছে। এর সঙ্গে মহেশখালীর গ্যাস টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকার বসে নেই। অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত গ্যাস আমদানির জন্য মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি মেরামতের কাজ চলছে।
বিরোধী দলের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, সরকার সংকটের বিষয়টি স্পষ্ট করেছে। বিরোধী দলকে সংকট সমাধানে পরিকল্পনা ও রূপরেখা দেওয়ার আহ্বান জানানো হলেও তারা আগে এ বিষয়ে কোনো কার্যকর প্রস্তাব দেয়নি।
সেমিনারে আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরের বিদ্যুৎ ও জ্বালানি খাতের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন রিজভী। তার অভিযোগ, ওই সময়ে এমন অনেক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছিল, যেগুলো বিদ্যুৎ উৎপাদন না করেও ক্যাপাসিটি চার্জ পেয়েছে। এতে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল অর্থ ব্যয় হয়েছে।
রিজভী আরও অভিযোগ করেন, বিদ্যুৎ খাতের অনিয়মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ঠেকাতে তৎকালীন সরকার দায়মুক্তির আইন করেছিল।
জাসাসের আহ্বায়ক হেলাল খানের সভাপতিত্বে সেমিনারে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানসহ বিএনপি ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts