নিউজ প্রবাসী ডেস্ক : 

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক আংশিক বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। গত ২৭ অক্টোবরের এ ঘটনার পেছনে দায়ী কারণগুলো শনাক্ত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় প্রতিরোধে করণীয় নির্ধারণ করবে কমিটি। এ জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজাকে।

কমিটির অন্য সদস্যরা হলেন পাওয়ার গ্রিড বাংলাদেশের সাবেক নির্বাহী পরিচালক (পিএন্ডডি) মো. আমির খসরু, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিস্টেম প্রটেকশন অ্যান্ড টেস্টিং কমিশনিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতিকুর রহমান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন প্রতিনিধি। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পাওয়ার গ্রিড বাংলাদেশের নির্বাহী পরিচালক (ওএন্ডএম) মো. আব্দুল মোনায়েম চৌধুরী।

প্রয়োজনে কমিটি উপযুক্ত ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। তদন্তের আওতায় দক্ষিণ-পূর্বাঞ্চলে সংঘটিত আংশিক গ্রিড বিপর্যয়ের প্রকৃত কারণ চিহ্নিত করা, এ ধরনের ঘটনা ঠেকাতে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন এবং বিদ্যুৎ গ্রিডের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয়গুলো রাখা হয়েছে।

তদন্ত শেষে কমিটির সুপারিশের ভিত্তিতে ভবিষ্যতে গ্রিড পরিচালনা ও সুরক্ষাব্যবস্থা আরও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts