
নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানী ঢাকায় টানা কয়েক ঘণ্টার ভারি বৃষ্টিতে স্বস্তি ফিরলেও দুর্ভোগে পড়েছেন নগরবাসী। রোববার ভোর ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে নগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং অফিসগামী মানুষের ভোগান্তি বাড়ে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এমন বৃষ্টি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কয়েকটি নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনার পাশাপাশি কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।