
নিউজ প্রবাসী ডেক্স :
নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেন তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার প্রমাণ। আন্দোলনকারীদের ভাষ্য, ছয় দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আদৃতা রায় বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামি গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দাবি আদায়ে চাপ সৃষ্টি করতেই রেজিস্ট্রার ভবনে তালা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে জরুরি প্রয়োজনে শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা ভবনে প্রবেশ ও বের হতে পারবেন বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে ঝোপে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। এরপর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ, মিছিল ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার, প্রক্টরিয়াল বডির পদত্যাগ, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, নারী নিরাপত্তাকর্মী নিয়োগ, কুইক রেসপন্স টিম গঠন এবং সাইবার সুরক্ষা আইন বাস্তবায়ন।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।