নিউজ প্রবাসী ডেক্স :

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত যুবকের নাম আবু কাউসার (২৭)। তিনি নগরীর পশ্চিম ফিরোজশাহ এলাকার বাসিন্দা এবং বিএসআরএম কারখানায় পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাহাড়তলী থানা পুলিশ।
পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, কাউসার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতা দাবি করেছেন, নিহতের নাম কাউসার আহমেদ এবং তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। তারা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন।
তবে পুলিশ এসব দাবি নাকচ করে জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts