নিউজ প্রবাসী ডেক্স :
নয়াদিল্লি প্রতিনিধি: ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের আবাসিক একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বহু শিক্ষার্থী আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীদের কাছে ভেতরে আটকে থাকা কয়েকজন ফোন করে বাঁচানোর আকুতি জানিয়েছেন।
রোববার দুপুর দেড়টার দিকে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় ‘হোস্টেল ডেজ’ নামে পরিচিত ভবনটি হঠাৎ ধসে পড়ে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষার্থী ওই ভবনে ভাড়া থাকতেন বলে জানা গেছে।
ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন রয়েছেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন। তবে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে অন্তত ১৫ থেকে ৫০ জন আটকা পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ছুটির দিন হওয়ায় দুর্ঘটনার সময় ভবনটিতে অনেক শিক্ষার্থী অবস্থান করছিলেন।
ইতোমধ্যে কয়েকজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে থাকা স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী মোবাইল ফোনে উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে ভেতরে আটকে থাকা মানুষের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, ভবনটিতে প্রায় ৭৫ জনের থাকার ব্যবস্থা ছিল। ধসের সময় নিচে পার্ক করা কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের ধারণা, ভবনের ভূগর্ভস্থ অংশে চলমান নির্মাণকাজ দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে নামেন। অন্তত ১২টি ফায়ার ইঞ্জিন, এক্সক্যাভেটর ও অন্যান্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের ভবনও খালি করা হয়েছে।
এদিকে ভবন ধসের ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। আম আদমি পার্টি দিল্লির ভবন নির্মাণ ব্যবস্থাপনায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছে। অন্যদিকে দিল্লি প্রশাসন জানিয়েছে, আটকে পড়াদের দ্রুত ও নিরাপদে উদ্ধার করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার।
উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহত ও আটকে পড়াদের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts