নিউজ প্রবাসী ডেস্ক:
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক—জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তারের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মাহবুব আলমকে জনতা ব্যাংক, নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংক এবং মো. নূরুল হুদাকে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেকের নিয়োগের মেয়াদ তিন বছর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনতা ব্যাংকের নতুন এমডি মো. মাহবুব আলম এর আগে বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসিতে অতিরিক্ত পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, বেসিক ব্যাংকের দায়িত্ব পাওয়া মো. নূরুল হুদা বর্তমানে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। আর অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ এর আগে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রজ্ঞাপনে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৯ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ পর্যায়ে নেতৃত্ব পরিবর্তনের ধারাবাহিকতায় এ নিয়োগ দেওয়া হলো। নতুন ব্যবস্থাপনা পরিচালকদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের পরিচালনায় নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।