নিউজ প্রবাসী ডেস্ক:
গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) সম্মেলনে অংশ নিতে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (২৬ অক্টোবর) রাতে তাঁর মস্কোর উদ্দেশে রওনা হওয়ার কথা। সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পাশাপাশি সম্মেলনে বক্তব্য দেবেন তিনি।
আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ সফরের খবর জানিয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) মস্কোয় অনুষ্ঠিতব্য জিইসিএফ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পেজেশকিয়ানের।
এক দিনের সফরে সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য দেশের নেতাদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন ইরানের প্রেসিডেন্ট।
এর আগে গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, চলতি সপ্তাহে মস্কোয় পেজেশকিয়ান ও পুতিনের বৈঠক হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত ১৯ অক্টোবর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের তেহরান সফরের সময় যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, আসন্ন বৈঠকে সেগুলো নিয়ে পরবর্তী আলোচনা হবে।
সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও প্রেসিডেন্টের রাশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জিইসিএফের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি মস্কোর সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে অন্যান্য প্রধান জ্বালানি উৎপাদনকারী দেশের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।
গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম একটি আন্তঃসরকারি সংস্থা। ইরান, রাশিয়া, কাতার ও আলজেরিয়াসহ বিশ্বের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশগুলো এ সংস্থার সদস্য। জ্বালানি খাতে সহযোগিতা এবং গ্যাসবাজার-সংশ্লিষ্ট বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা এ ফোরামের অন্যতম ক্ষেত্র।