নিউজ প্রবাসী ডেস্ক:

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বাহ্যিক আকর্ষণের চেয়ে ব্যক্তিত্ব ও মানসিকতাকে বেশি গুরুত্ব দেন অভিনেত্রী সাই পল্লবী। তাঁর মতে, একজন ভালো সঙ্গীর প্রথম গুণ হওয়া উচিত ভালো মানুষ হওয়া। পাশাপাশি নিজের ভুল বুঝতে পারা, তা সংশোধন করা এবং নিজের কাজের দায় স্বীকার করার মানসিকতাও থাকতে হবে।

সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-তে উপস্থিত হয়ে জীবনসঙ্গী সম্পর্কে নিজের পছন্দের কথা জানান এই অভিনেত্রী। অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন তাঁর কাছে জানতে চান, একজন পুরুষের মধ্যে জীবনসঙ্গী হিসেবে কী ধরনের গুণ থাকা প্রয়োজন।

জবাবে সাই জানান, ভুল করা মানুষের স্বাভাবিক বিষয়। তবে ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে না দিয়ে নিজের আচরণ নিয়ে ভাবতে জানতে হবে। নিজের ভুল উপলব্ধি করা এবং তা শুধরে নেওয়ার মানসিকতাকে তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

অভিনেত্রীর মতে, আত্মসমালোচনা ও নিজের কাজের দায়িত্ব নেওয়ার ক্ষমতা একজন মানুষের ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ দিক। জীবনসঙ্গীর মধ্যেও তিনি এই গুণগুলো দেখতে চান।

এদিকে জীবনসঙ্গী নিয়ে নিজের পছন্দের তালিকায় একটি মজার শর্তও রেখেছেন সাই। তাঁর ভাষ্য অনুযায়ী, হবু সঙ্গী ভালো রান্না করতে জানলে তা হবে বাড়তি যোগ্যতা। অর্থাৎ, ভালো মানুষ হওয়ার পাশাপাশি রান্নায় দক্ষ পুরুষকেও পছন্দ করেন তিনি।

বর্তমানে মুক্তির অপেক্ষায় থাকা ‘রামায়ণ: পর্ব ১’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাই পল্লবী। এতে সীতার চরিত্রে অভিনয় করছেন তিনি। রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts