নিজস্ব প্রতিবেদক ॥
জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া একাধিক মামলায় ঘটনাস্থল ভুল উল্লেখ থাকায় তদন্ত কার্যক্রমে জটিলতা ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। রাজধানীর পল্টন থানার একটি মামলার তদন্তে গিয়ে পুলিশ দেখতে পায়, এজাহারে উল্লেখিত স্থানে ঘটনার কোনো সত্যতা মেলেনি। পরে তদন্তে বেরিয়ে আসে, গুলিবিদ্ধ হওয়ার প্রকৃত স্থান ছিল মোহাম্মদপুর এলাকা।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মামলার বাদী শাকিল মোল্লা নিজেই অভিযোগ করেছেন যে, সরকারি সহায়তার আশ্বাস দিয়ে তাকে কিছু কাগজে স্বাক্ষর করানো হয়েছিল এবং পরে তার অজান্তেই মামলা দায়ের করা হয়। তিনি জানান, তিনি পল্টনে নয়, মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদ সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন।
পল্টন মডেল থানার তদন্ত কর্মকর্তা জানান, ভুল ঘটনাস্থলের কারণে দীর্ঘ সময় তদন্তে অগ্রগতি হয়নি। পরবর্তীতে বাদীর জবানবন্দি ও চিকিৎসা নথি যাচাই করে প্রকৃত স্থান শনাক্ত করা সম্ভব হয়।
ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট ১২৬টি মামলার মধ্যে অন্তত ১৪টিতে ঘটনাস্থল ভুল উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৩৭টি মামলায় প্রকৃত ঘটনাস্থলের তথ্যই নেই।
সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, শুরুতে তথ্যগত অসঙ্গতির কারণে তদন্তে কিছু সমস্যা হলেও পরবর্তীতে একাধিক থানায় দায়ের হওয়া মামলা ও ভুল ঘটনাস্থল সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্ত সঠিকভাবে এগিয়ে নিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপও চলমান রয়েছে।