স্পোর্টস ডেস্ক ॥
লিওনেল মেসিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার করে তুলেছে শুধু তার সহজাত প্রতিভা নয়, বরং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার অদম্য মানসিকতা। এমনটাই মনে করেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার ও মেসির দীর্ঘদিনের সতীর্থ পাবলো সাবালেতা।
ফিফার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে সাবালেতা বলেন, ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ দলের প্রথম অনুশীলনেই সবাই বুঝে গিয়েছিলেন, মেসি অন্য সবার চেয়ে আলাদা। ছোট ছোট অনুশীলন ম্যাচে মেসির দলে থাকলে জয় প্রায় নিশ্চিত থাকত বলেও স্মৃতিচারণ করেন তিনি।
সাবালেতার ভাষ্য, ক্যারিয়ারের শুরুতে মেসি ছিলেন অনেকটাই লাজুক ও চুপচাপ। তবে সময়ের সঙ্গে সতীর্থদের আস্থা ও ভালোবাসা তাকে আত্মবিশ্বাসী করে তোলে এবং তিনি ধীরে ধীরে নেতৃত্বের ভূমিকায়ও নিজেকে প্রতিষ্ঠিত করেন।
তিনি বলেন, শুধু প্রতিভা থাকলেই বিশ্বের সেরা হওয়া যায় না। সেরা হতে হলে প্রতিনিয়ত নিজেকে আরও উন্নত করার তাগিদ থাকতে হয়। মেসি তার পুরো ক্যারিয়ারজুড়েই সেই মানসিকতা ধরে রেখেছেন।
৩৯ বছর বয়সেও বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা মেসি সাত ম্যাচে করেছেন আট গোল ও চারটি অ্যাসিস্ট। দলের গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নিয়ে পার্থক্য গড়ে দিচ্ছেন তিনি।
সাবালেতার মতে, দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের শীর্ষে টিকে থাকার মূল রহস্যই হলো মেসির অদম্য পরিশ্রম, আত্মনিবেদন এবং প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতা।