নিউজ প্রবাসী ডেক্স :
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার সিদ্ধান্তে তিনি অনড়। সম্ভাব্য কারাবাস বা মৃত্যুদণ্ডের ঝুঁকি সম্পর্কে অবগত থাকলেও বাংলাদেশে ফেরার ইচ্ছা থেকে তিনি সরে আসবেন না বলে জানিয়েছেন।
জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজকে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, “আমি বাংলাদেশে ফিরে আসব। আমি আদালতে হাজির হব। তারা আমাকে কারাগারে পাঠাতে পারে, এমনকি ফাঁসিতেও ঝোলানোর চেষ্টা করতে পারে। আমি সেই ঝুঁকির কথা জানি।”
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের নভেম্বরে ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী দমন-পীড়নের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে তিনি এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে অভিযোগ অস্বীকার করেছেন।
সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আন্দোলনের সময় নিহতদের বিষয়ে স্বাধীন আন্তর্জাতিক ফরেনসিক তদন্ত হলে প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব। তিনি দাবি করেন, ওই আন্দোলনে রাজনৈতিক প্রতিপক্ষের প্রভাব ছিল।
বাংলাদেশে তাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে সরকার। এ বিষয়ে ভারত জানিয়েছে, আবেদনটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
দেশের ভবিষ্যৎ নিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রয়োজন ক্ষত নিরাময় ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। তবে পুনর্মিলনের অর্থ দায়মুক্তি নয়; অপরাধের সঙ্গে জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ার আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts