
নিউজ প্রবাসী ডেক্স :
দেশে হামের টিকার সংকট ও শিশুমৃত্যুর ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য সচিব বলেন, হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর পেছনে কোথায় সমস্যা ছিল এবং দায়িত্বে থাকা কারও অবহেলা ছিল কি না, তা তদন্তে উঠে আসবে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর সব তথ্য জনগণ জানতে পারবে বলেও আশ্বাস দেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৯১ জন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬ জনে, যার মধ্যে ৬ হাজার ৯৭৯ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য সচিব জানান, পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে ইউনিসেফের মাধ্যমে ৬০৪ কোটি টাকার টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আরও ৪১৯ কোটি টাকার টিকা সংগ্রহের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, বর্তমানে প্রায় ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পর্যাপ্ত টিকা সরবরাহ শুরু হয়েছে এবং ধাপে ধাপে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে।
বরিশাল ও সিলেট বিভাগে টিকার আওতা তুলনামূলক কম উল্লেখ করে সংশ্লিষ্টদের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্য সচিব।