নিউজ প্রবাসী ডেক্স :

খুলনার দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার ঐতিহ্যবাহী চালনা লেক দীর্ঘদিন সংস্কারের অভাবে কচুরিপানা ও আবর্জনায় ভরাট হয়ে পড়েছে। এতে লেকের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় মিঠা পানির সংকটে ভুগছেন হাজারো মানুষ। পাশাপাশি দুর্গন্ধ ও মশার উপদ্রবে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
স্থানীয়রা জানান, একসময় চালনা লেক ছিল এলাকার প্রধান মিঠা পানির উৎস ও বিনোদনের কেন্দ্র। লেকের পানি দিয়ে গোসল, রান্না ও গৃহস্থালির নানা কাজ চলত। তবে প্রায় দুই যুগ ধরে সংস্কার না হওয়ায় এখন তা দূষিত ও ব্যবহারের অযোগ্য হয়ে গেছে।
স্থানীয় সংবাদকর্মী আজগর হোসেন ছাব্বির বলেন, উপকূলীয় এ অঞ্চলে লবণাক্ততার কারণে বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। চালনা লেকটি একসময় পৌরসভার কয়েকটি ওয়ার্ডের মানুষের একমাত্র ভরসা ছিল। এখন কচুরিপানা আর ময়লা-আবর্জনায় সেটি মৃতপ্রায়।
চালনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম সাহা বলেন, লেকের দূষিত পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পৌরসভার অন্তত ৫ থেকে ৬ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। দ্রুত লেক সংস্কার জরুরি।
দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বালা বলেন, দূষিত পানি ব্যবহারে চর্মরোগ, ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। তাই এই পানি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তিনি।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চালনা পৌরসভার প্রশাসক মো. বোরহান উদ্দিন মিঠু বলেন, লেক সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহির মাজহার জানান, আপাতত লেক থেকে কচুরিপানা অপসারণের বিষয়ে ভাবা হচ্ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত পুনঃখনন ও আধুনিকায়নের মাধ্যমে চালনা লেককে আবারও মিঠা পানির আধার ও বিনোদনকেন্দ্র হিসেবে ফিরিয়ে আনা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts