নিউজ প্রবাসী ডেস্ক:

২০২৭ সালের এশিয়া কাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। এ বিষয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে এই সিরিজ আয়োজনের প্রস্তাব তুলে ধরে বাংলাদেশ।

এর আগে শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তবে সিরিজের সম্ভাব্য সময়সূচি নিয়ে তাঁর দেওয়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছে বিসিবি।

এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, ২০২৭ সালের এশিয়া কাপের আগে বাংলাদেশে সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এ উদ্যোগে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে অংশগ্রহণের বিষয়ে দুই দেশের চূড়ান্ত সম্মতি এখনো পাওয়া যায়নি।

বিসিবি সূত্রের ভাষ্য, প্রস্তাবটি বর্তমানে বিবেচনাধীন রয়েছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত সিরিজের আয়োজন ও সূচি নিয়ে ঘোষণা দেওয়া সম্ভব হচ্ছে না।

সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ২০১৬ সালে সর্বশেষ এশিয়া কাপ আয়োজন করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত ওই আসরে রানার্সআপ হয়েছিল স্বাগতিক দল।

তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অধীনে এটিই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। তাই এশিয়া কাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারলে ক্রিকেটারদের প্রস্তুতি ও দলীয় সমন্বয় যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts