নিউজ প্রবাসী ডেক্স :
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়েছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে বক্তব্য রাখতে চান লতিফ সিদ্দিকী। তাঁর আইনজীবী এ বিষয়ে আবেদন করলেও ট্রাইব্যুনাল তা গ্রহণ করেননি। এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। ট্রাইব্যুনাল কথা বলার অনুমতি না দিলে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
পরে ট্রাইব্যুনালের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে লতিফ সিদ্দিকী বলেন, “আমি বলতে চাচ্ছিলাম, আমাকে ফাঁসি দিয়ে দিন।”
এদিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে উপস্থিত লতিফ সিদ্দিকীর ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী দাবি করেন, তাঁর ভাই এ মামলায় নির্দোষ। তিনি বলেন, অপরাধ না করেও যদি তাঁর ফাঁসি হয়, সেটিও তাঁরা মেনে নেবেন। একই সঙ্গে তিনি মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, শাপলা চত্বরের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।