নিউজ প্রবাসী ডেক্স :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আহত আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ভারতের রায়গঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা। ভারতীয় গণমাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে বিজিবি। পরে পরিবারের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈনের বরাতে জানা যায়, শুক্রবার রাত দেড়টার দিকে পীরগঞ্জ সীমান্তের প্রায় দেড় কিলোমিটার ভারতের ভেতরে বাংলাদেশি একটি চোরাকারবারি দলের ওপর গুলি চালায় বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা। এতে আসাদুল গুলিবিদ্ধ হন।
পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের রায়গঞ্জের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসাদুল হককে চিহ্নিত মাদক চোরাকারবারি হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অবৈধ মানবপাচারের সঙ্গেও তার সম্পৃক্ততার কথা বলা হয়েছে। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।
বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বলেন, আসাদুল তার এলাকার বাসিন্দা। ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে মৃত্যুর খবর জানার পর তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি বিজিবিকে জানান।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসএফ এখনো এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে রোববার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।