নিউজ প্রবাসী ডেক্স:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) এ নির্দেশনা বাস্তবায়নের জন্য ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

ইসির নির্দেশনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ থাকবে।

তবে নির্বাচনী কার্যক্রমে সরাসরি যুক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা বা নিবন্ধিত ভোটাররা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্দেশনাটি কার্যকর করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণে কোনো ধরনের প্রভাব বিস্তার ঠেকানোই এ পদক্ষেপের উদ্দেশ্য।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

নিষেধাজ্ঞা কার্যকরের পাশাপাশি নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts