নিউজ প্রবাসী ডেস্ক :

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন রোগী।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনে। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭ হাজার ৮৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলো থেকে। এসব এলাকায় নতুন রোগী ৩৬৩ জন। এ ছাড়া রাজশাহী বিভাগে ২৩৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১, চট্টগ্রাম বিভাগে ২২০, বরিশাল বিভাগে ১৯২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৮, রংপুর বিভাগে ৯৩, ময়মনসিংহ বিভাগে ৯২, সিলেট বিভাগে ২৬ এবং খুলনা বিভাগে ২৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃত্যুর হিসাবে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন একজন। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় আরও একজনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts