নিউজ প্রবাসী ডেক্স :
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে দেশব্যাপী তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির উদ্বোধন করেন।
‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’—এই দুটি বার্তা সামনে রেখে অভিযানটি পরিচালিত হবে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে কর্মসূচি চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
আয়োজকদের তথ্য অনুযায়ী, উদ্বোধনী আয়োজনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, বিএনসিসি, গার্ল গাইডস, স্কাউট, রেড ক্রিসেন্ট এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় ২৫ হাজার কর্মী অংশ নেন। দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে মহানগর এলাকায় সিটি করপোরেশন, জেলা পর্যায়ে জেলা প্রশাসন এবং উপজেলা পর্যায়ে ইউএনওরা কার্যক্রম সমন্বয় করবেন। স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম চালানো হবে।
অভিযানে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। সরকারি স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস, রেড ক্রিসেন্ট ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এতে অংশ নেবেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts