নিউজ প্রবাসী ডেক্স :
দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় মন্ত্রী শেখ রবিউল আলমসহ নয়জনকে অব্যাহতি দেওয়ার আদেশের বিরুদ্ধে করা রিভিশন আবেদনের শুনানি রোববার অনুষ্ঠিত হবে।
ঢাকার ত্রয়োদশ অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালতে এ শুনানি হবে। আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত ২৭ আগস্ট শুনানির দিন ধার্য থাকলেও তা পিছিয়ে ১৩ সেপ্টেম্বর করা হয়।
২০২৪ সালের ১০ অক্টোবর ঢাকার মহানগর আবাসিক এলাকায় নিজ বাসায় হামলার শিকার হন তামিম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন তার বাবা সুলতান আহমেদ হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন।
মামলায় ডেভেলপার প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আরও ১১ থেকে ১২ জনকেও আসামি করা হয়।
তদন্ত শেষে গত বছরের ১০ ডিসেম্বর পিবিআইয়ের এসআই জাকারিয়া আলম ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং এক কিশোরের বিরুদ্ধে দোষীপত্র দেন। তবে রবিউল আলমসহ নয়জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়।
এতে আপত্তি জানিয়ে ৮ জানুয়ারি নারাজি আবেদন করেন তামিমের বাবা। তার অভিযোগ, তদন্ত কর্মকর্তা প্রয়োজনীয় সাক্ষীদের যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করেননি এবং সাক্ষীদের বক্তব্যও সঠিকভাবে নথিবদ্ধ করা হয়নি। তিনি মামলাটি পুনঃতদন্তের আবেদন জানান।
তবে ৩ মার্চ ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ নারাজি আবেদন খারিজ করে অভিযোগপত্র গ্রহণ করেন এবং নয়জনকে মামলা থেকে অব্যাহতি দেন।
পরে ওই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন তামিমের বাবা সুলতান আহমেদ। সেই আবেদনের শুনানি রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তদন্ত কর্মকর্তা এসআই জাকারিয়া আলম বলেন, তদন্তে যাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আর যাদের বিরুদ্ধে অভিযোগের তথ্য পাওয়া যায়নি, তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts