নিউজ প্রবাসী ডেস্ক :

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৭ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদও রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) নিয়াজ মেহেদী জানান, রাজধানীতে ব্লক রেইড ও চিরুনি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।

ডিএমপির হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানে মোট ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৬০টি মামলা হয়েছে।

এর আগে বুধবার গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে উত্তরার অন্য একটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আগের রাত থেকেই রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় দলটির কর্মসূচি ও সহিংসতার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা প্রতিরোধে পুলিশি টহল এবং তল্লাশিচৌকির কার্যক্রমও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts