নিউজ প্রবাসী ডেক্স :
দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিমানবন্দরের প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশি বাড়ানো, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি আরও কঠোর করতে বলা হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় টহল বৃদ্ধি, নজরদারি জোরদার এবং যানবাহন তল্লাশির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া বিমানবন্দর থানাকে আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল করে না, সেখানেও রাতের বেলায় নিরাপত্তা টহল ও নজরদারি অব্যাহত রাখতে বলা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার উদ্যোগ রয়েছে।
পাশাপাশি ল্যান্ডসাইড নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে।