টিএসসি ও জগন্নাথ হল এলাকা থেকে আটক; সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

নিউজ প্রবাসী ডেক্স :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিন ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি পৃথক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাঁদের মধ্যে রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়। তিনি বর্তমানে ঢাকার ফকিরাপুল এলাকায় বসবাস করেন। সোহেল রানার স্থায়ী ঠিকানা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকায়। অন্যদিকে নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কচাপাড়া গ্রামে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়।

পাঁচ স্থানে বিস্ফোরণ

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত, সিনেট ভবনের সামনের অংশ, টিএসসি এলাকায় দুটি এবং শাহবাগ মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়।

টিএসসি এলাকায় বিস্ফোরণের পর দুই ব্যক্তিকে পালানোর চেষ্টা করতে দেখা যায়। মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকা দিয়ে সরে যাওয়ার সময় উপস্থিত লোকজন তাঁদের আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এলাকা থেকেও আরেকজনকে আটক করা হয়।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, ক্যাম্পাসের একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়ার পর সংশ্লিষ্টদের আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনার প্রকৃত চিত্র জানতে বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড প্রতিরোধে কর্মসূচি ঘোষণা করবে ছাত্রদল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তাঁরা সোচ্চার থাকবেন বলে জানান তিনি।

আটক তিনজনকে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ ও অধিকতর তদন্তের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts