নিউজ প্রবাসী ডেক্স :

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদর সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আমদানির ঋণপত্র (এলসি) খোলার শর্ত সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। চাল, গম, পেঁয়াজ, ডালসহ ১১ ধরনের ভোগ্যপণ্য আমদানিতে এ সুবিধা দেওয়া হয়েছে। ভোজ্যতেলকে একক ক্যাটাগরি হিসেবে বিবেচনা করলে পণ্যের সংখ্যা দাঁড়ায় ১০টি।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে নিত্যপণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময়ে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং মূল্য সহনীয় রাখতে আমদানি প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানির ক্ষেত্রে এলসি খোলার নগদ মার্জিন ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা যাবে। অর্থাৎ এসব পণ্য আমদানিতে নগদ মার্জিনের নির্দিষ্ট হার বাধ্যতামূলক না রেখে ব্যাংকগুলোকে গ্রাহকের সঙ্গে আলোচনা করে তা নির্ধারণের সুযোগ দেওয়া হয়েছে।

পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের এলসি খোলার আবেদন অগ্রাধিকার দিয়ে বিবেচনার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বহাল থাকবে।

রমজানকে সামনে রেখে আমদানি কার্যক্রমে গতি আনা এবং বাজারে নিত্যপণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখতেই কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts