
নিউজ প্রবাসী ডেক্স :
রিসার্চ ইনিশিয়েটিভ্স বাংলাদেশ (রিইব) আয়োজিত তিনদিনব্যাপী “গণগবেষণা ও তথ্য অধিকার আইন চর্চা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
এফপিএবি কনফারেন্স রুমে আয়োজিত এই কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার তারিকূল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিইবের মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর এবং সঞ্চালনা করেন গবেষণা সহকারী মিনা বিশ্বাস।
কর্মশালায় তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মোঃ শাহীনুল ইসলাম, যিনি রিইবের আরটিআই টিমের সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে তারিকূল ইসলাম বলেন, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর নারীদের জীবনমান উন্নয়নে অর্থনৈতিক নিরাপত্তা ও অধিকার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। তিনি নারীদের এনজিও ঋণের ওপর নির্ভরশীল না হয়ে সমবায় সমিতি গঠনের আহ্বান জানান এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, রিইব গণগবেষণা ও তথ্য অধিকার আইনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
কর্মশালায় সার্বিক সহযোগিতা প্রদান করেন গবেষণা সহকারী পলাশ পাল। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন প্রয়োগ ও গণগবেষণার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।