
নিউজ প্রবাসী ডেক্স :
গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় চাচা-ভাতিজাসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে বৃষ্টির সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বজ্রপাতের সময় একটি টিনের ছাপড়া ঘরে আশ্রয় নেন কয়েকজন। হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও তিনজন। পরে হাসপাতালে নেওয়ার পর তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চাচা-ভাতিজা সম্পর্কের দুইজন রয়েছেন।
অন্যদিকে, সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে এক বৃদ্ধ নিহত হন।
এই ঘটনায় আরও একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হঠাৎ এমন প্রাণহানিতে পরিবারগুলোতে চলছে আহাজারি।