নিউজ প্রবাসী ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি প্রকাশ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।

রোববার (৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদীর বক্তব্য শোনার পর অভিযোগটি তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়েছেন আদালত। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৮ অক্টোবর অভিনেত্রী তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।

মামলার এজাহারে বাদীর অভিযোগ, তার করা দুটি পৃথক মামলা আদালতে চলমান থাকার জেরে তানজিন তিশা ক্ষুব্ধ হয়ে গত ২৭ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাকে নিয়ে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেন। একই সঙ্গে গণমাধ্যমেও তার সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, এর আগে গত বছরের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে ফোন করে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন তানজিন তিশা। এ ছাড়া গত ২৭ অক্টোবর বাদীর অজ্ঞাতে ধারণ করা এক নারীর সঙ্গে চুম্বনের ছবি এবং দুই শিশুর ছবিও ফেসবুকে প্রকাশ করা হয় বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ফেসবুক পোস্টে বাদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পাশাপাশি তার বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়। এতে সামাজিকভাবে তার সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বাদী জানান, ২৭ অক্টোবর রাত ১১টার দিকে বিষয়টি তার নজরে আসে। পরদিন আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন ব্যক্তির কাছে তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নিজের জনপ্রিয়তা ব্যবহার করে মানহানিকর প্রচারণার অভিযোগও মামলায় তুলে ধরা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts