নিউজ প্রবাসী ডেক্স:
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘থাপ্পড়ম্যান’ নামে পরিচিত শাহজালাল রুমিকে উদ্দেশ করে চুমুর বার্তা দিয়েছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। রুমির একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘ভাই আপনার জন্য আমার একটা চুমু রইল!’ তাঁর এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও নানা প্রতিক্রিয়া।
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে মারধরের ঘটনার পর আলোচনায় আসেন শাহজালাল রুমি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে ‘থাপ্পড়ম্যান’ নামে অভিহিত করতে শুরু করেন অনেকে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, টঙ্গীর আউচপাড়া এলাকার একটি মাদ্রাসার প্রথম শ্রেণির এক ছাত্রীর প্রতি যৌন নিপীড়নের অভিযোগ ওঠে শিক্ষক মোসলেম আহম্মদের বিরুদ্ধে। অভিযোগের পর শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন। শিশুটির বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।
ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে শিশুটির স্বজনদের প্রতিবাদের প্রতি সমর্থন জানান। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের বিচার নিশ্চিত করার পাশাপাশি আইন নিজের হাতে তুলে নেওয়া নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ।
এ ঘটনায় চলচ্চিত্র নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ কয়েকজন পরিচিত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে অনলাইনে আলোচনা আরও বাড়ে।
এমন পরিস্থিতিতে শাহজালাল রুমির একটি ভিডিও শেয়ার করে নায়লা নাঈমের দেওয়া মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে কী উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই মডেল ও অভিনেত্রী।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পাওয়া নায়লা নাঈম পেশায় একজন দন্ত চিকিৎসক। বিজ্ঞাপনচিত্রে কাজের পাশাপাশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ২০১৪ সালে ‘রান আউট’ চলচ্চিত্রে বিশেষ উপস্থিতির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তাঁর। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও মন্তব্যের কারণে এর আগেও একাধিকবার আলোচনায় এসেছেন তিনি।
এবার শাহজালাল রুমিকে উদ্দেশ করে দেওয়া তাঁর চুমুর বার্তাকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছেন নায়লা নাঈম।