নিউজ প্রবাসী ডেক্স:

দিনাজপুরের তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে উৎপাদন ও সেবা খাতের প্রায় ৮০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় অংশ নিতে ইতোমধ্যে ১৬ হাজার ৩ জন চাকরিপ্রত্যাশী নিবন্ধন করেছেন। আয়োজকদের প্রত্যাশা, দিনব্যাপী এ আয়োজনে প্রায় ২০ হাজার তরুণ-তরুণীর সমাগম হবে।

সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণ ও যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যেই চাকরিপ্রত্যাশীদের সঙ্গে করপোরেট ও উন্নয়ন খাতের প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা হচ্ছে।

মেলায় আন্তর্জাতিক ও উন্নয়ন সংস্থা এবং এনজিও খাত থেকে ইউনিসেফ, ডব্লিউএফপি, কম্প্যাশন ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, উদ্দীপন ও আরডিআরএস অংশ নিচ্ছে।

শিল্প ও বহুমুখী ব্যবসা খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাণ, আরএফএল, বসুন্ধরা গ্রুপ, স্কয়ার, বেক্সিমকো গ্রুপ, ওয়ালটন, এসিআই, মেঘনা গ্রুপের ফ্রেশ, লিরা গ্রুপ, কাজী ফার্মস ও নাবিল গ্রুপ।

ব্যাংকিং ও আর্থিক প্রযুক্তি খাত থেকে বিকাশ, নগদ, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক ও ইউসিবি ব্যাংক অংশ নিচ্ছে। ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিনিধিত্ব করবে ইনসেপ্টা, একমি ল্যাবরেটরিজ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনিমেড ইউনিহেলথ, নুভিস্তা ফার্মাসিউটিক্যালস এবং নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল।

এ ছাড়া তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, আবাসন ও সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানও মেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে রবি আজিয়াটা, পাঠাও, ব্রেইন স্টেশন ২৩, নূর টেলিকম, ডায়মন্ড ওয়ার্ল্ড, এইচএল রিয়েল এস্টেট, অঞ্জনা, শিক্ষা ২.০ ও কমুর।

মেলায় চাকরিপ্রত্যাশীদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়া এবং তাৎক্ষণিকভাবে চাকরি পাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি, চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে অভিজ্ঞ পরামর্শকেরা দিকনির্দেশনা দেবেন।

আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় চাকরিপ্রত্যাশীদের সঙ্গে স্বনামধন্য প্রতিষ্ঠানের যোগাযোগ বাড়বে। একই সঙ্গে উত্তরাঞ্চলের তরুণদের কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা এবং জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারিত হবে। দিনাজপুর-৬ আসনসহ উত্তরাঞ্চলের যুবসমাজের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনেও মেলাটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts