নিউজ প্রবাসী ডেক্স:
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি নিজের জন্মদিনের প্রথম প্রহর কাটিয়েছেন দুই সন্তানকে সঙ্গে নিয়ে। জমকালো আয়োজনের পরিবর্তে সন্তানদের ভালোবাসা ও পারিবারিক আবহে জন্মদিন উদযাপনের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) পরীমনির জন্মদিন। এর আগের দিন শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী। সেখানে দেখা যায়, লাল রঙের গাউন পরা পরীমনি হাসিমুখে জন্মদিনের কেক কাটছেন। এ সময় তার পাশে ছিল ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়ম।
কেক কাটার মুহূর্তে দুই সন্তানকে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায়। চুমু ও আদরে মাকে ঘিরে রাখে তারা। ভিডিওটির মাধ্যমে মা ও সন্তানের মধ্যকার আন্তরিক সম্পর্কের একটি আবেগঘন দৃশ্য সামনে আসে।
ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে জুড়ে দেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন।
ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা পরীমনির জীবনে দুই সন্তান গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। সন্তানদের সঙ্গে জন্মদিনের এই আয়োজনেও তাদের প্রতি তার মমতা এবং পারিবারিক বন্ধনের বিষয়টি ফুটে উঠেছে।
এর আগে দেশ-বিদেশে জাঁকজমকপূর্ণ আয়োজনে জন্মদিন পালন করে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। তবে এবার জন্মদিনের শুরুটা ছিল একান্ত পারিবারিক পরিবেশে, দুই সন্তানের সান্নিধ্যে।