নিউজ প্রবাসী ডেক্স:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় শেখ হোসেন আলী ওরফে হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার দর্শা মন্তনী এলাকায় বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের ভেতর গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত শেখ হোসেন আলী ওই এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল ছিল এবং সংসারে অভাব-অনটন ছিল না। তবে ছেলেদের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর মতবিরোধের তথ্য পাওয়া গেছে বলে জানান ওসি।
শফিকুল ইসলাম বলেন, এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।