দীর্ঘ ১১ বছর পর ফুটবল মাঠে ফিরে আলোচনায় এসেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো। ইতালির ক্লাব রাভেনা এফসির হয়ে খেলার পর এবার তাঁর ব্যবহৃত জার্সি নিলামে উঠে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইতোমধ্যে জার্সিটির দাম ১৭ হাজার ব্রাজিলিয়ান রিয়াল ছাড়িয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লাখ ৬৬ হাজার টাকা।
খেলোয়াড়দের ব্যবহৃত সামগ্রী কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ম্যাচওর্নশার্ট ও রাভেনা এফসির যৌথ উদ্যোগে এ নিলামের আয়োজন করা হয়েছে। গত রোববার (১৫ নভেম্বর) শুরু হওয়া নিলাম চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।
নিলামে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে রোনালদিনহোর পরা জার্সিটি নিয়ে। ব্রাজিলসহ আটটির বেশি দেশের ক্রেতা ইতোমধ্যে জার্সিটির জন্য দর প্রস্তাব করেছেন।
জার্সির পাশাপাশি নিলামে রাখা হয়েছে ম্যাচে ব্যবহৃত শর্টস, মোজা, বুট, ওয়ার্ম-আপ শার্ট, হেডব্যান্ড ও ম্যাচের আগে পরা জ্যাকেট। এ ছাড়া রোনালদিনহোর স্বাক্ষর করা একটি মিনি ফুটবল এবং রাভেনা এফসির বিশেষ সংস্করণের টি-শার্টও রয়েছে তালিকায়।
এদিকে রাভেনা এফসির হয়ে আবারও মাঠে নামার সম্ভাবনা রয়েছে ৪৬ বছর বয়সী এই তারকার। ইতালির তৃতীয় বিভাগের ক্লাবটির হয়ে গত রোববার ৪৫ মিনিট খেলেন তিনি। নিজে গোল করতে না পারলেও সতীর্থের একটি গোলে সহায়তা করেন।
রাভেনার হয়ে আবার খেলতে চান কি না, এমন প্রশ্নের জবাবে রোনালদিনহো জানান, ক্লাবটির প্রেসিডেন্ট ডাকলে তিনি আবারও মাঠে নামবেন।
বিষয়টি নিয়ে রাভেনার প্রেসিডেন্ট ইগনাজিও সিপ্রিয়ানি বলেন, মাঠে খেলতে রোনালদিনহোর বেশ ভালো লাগছিল। বদলি হিসেবে তাঁকে তুলে নেওয়ার সময়ও তিনি মাঠ ছাড়তে চাইছিলেন না। ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলে দেবে।
রাভেনার ভাইস প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদা, যিনি এসি মিলানে খেলার সময় থেকেই রোনালদিনহোকে চেনেন, এই ব্রাজিলিয়ান তারকার প্রশংসা করেছেন। তাঁর মতে, রোনালদিনহোর মতো খেলোয়াড় সব বয়সী দর্শককে আনন্দ দিতে পারেন। আবারও তাঁকে মাঠে দেখার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।