যুক্তরাজ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে মধ্য লন্ডনের মেয়ফেয়ার হলের পেছনের সড়কে দুই পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি হয়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি ড্যাজলিং ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে অন্তত চারজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা লাঠিপেটা করে লন্ডন পুলিশ।

প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে যাওয়া নাহিদ ইসলামের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হলের বাইরে বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, বিক্ষোভকারীরা অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল ছোড়েন। এ সময় হলের বাইরের অংশে কয়েকজন অতিথিকে মারধরের অভিযোগও উঠেছে।

অনুষ্ঠান শেষে হলের পেছনের সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন বলেও ডেইলি ড্যাজলিং ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হামলার অভিযোগ নাহিদের

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে হামলার অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফেসবুক পোস্টে নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন। তাঁর ভাষায়, এ ধরনের ঘটনা শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।

নাহিদ আরও দাবি করেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ও হামলার ঘটনা প্রত্যক্ষ করেছেন।

ডেইলি ড্যাজলিং ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ ও সংঘর্ষের সময় নাহিদ সরাসরি বিক্ষোভকারীদের মুখোমুখি হননি। সন্ধ্যার অনুষ্ঠানের তিন ঘণ্টারও বেশি আগে, বেলা ৩টার দিকে তিনি মেয়ফেয়ার হলে প্রবেশ করেন। অনুষ্ঠান শেষে মূল প্রবেশপথের পরিবর্তে হলের পেছনের দরজা দিয়ে বের হয়ে যান তিনি।

এর আগে শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামের একটি কর্মসূচি ঘিরেও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে তাঁকে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts